সিসি নিউজ: সৈয়দপুরে ইভটিজিংয়ের শিকার এক যুবতী (১৮)বিয়ের দাবিতে ইভটিজারের বাড়িতে অবস্থান করেছে মর্মে অভিযোগ মিলেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বড়দহ গ্রামের মাঝাপাড়ায়।
জানা গেছে, ওই গ্রামের দূর্গা চন্দ্র সরকারের পুত্র এক সন্তানের জনক রতন চন্দ্র সরকার (১৮) দীর্ঘ দিন থেকে একই গ্রামের অষ্টাদশী এক যুবতীকে কুপ্রস্তাবের মাধ্যমে উত্যক্ত করে আসছিল। এতে ওই যুবতী সাড়া না দেয়ায় গত বৃহস্পতিবার নিজ বাড়ির আঙ্গিনায় পারিবারিক কাজের সময় রতন যুবতীকে ঝাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টায় চালায়। এ সময় যুবতীর আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রতন পালিয়ে যায়। বিষয়টি জানার জন্য রোববার সংবাদকর্মীরা ওই গ্রামে গেলে ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহবধু বীথি রানী যুবতীর শ্লীলতাহানীর ঘটনা সংবাদকর্মীদের জানায়। এ ঘটনার পর বিয়ের দাবিতে ওই যুবতী রতনের বাড়িতে অবস্থান নেয়। রোববার ইভটিজার রতনের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায় যুবতী অবস্থান করছে।
শ্লীলতাহানীর শিকার যুবতী জানায়, রতন আমাকে বিয়ে করতে হবে, অন্যথায় আমার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবে না।
তবে এটি একটি সাজানো নাটক বলে দাবি করেছে রতন। সে জানায়, সমাজে আমাকে ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল এমন কুট কৌশলের আশ্রয় নিয়েছে।
বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকার জানান, ঘটনাটি শুনেছি এবং তা নিরসনের জন্য সন্ধ্যায় (রোববার) একটি সালিশী বৈঠক ডাকা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, এমন অভিযোগ তিনি পাননি। তবে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।