খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে অংশ নেয়ার উদ্দেশ্যে টাইগারদের সব প্রস্তুতিই এখন চূড়ান্ত। বাকী ছিলো পনেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা। এরই মধ্যে সেটাও সম্পন্ন করেছে বিসিবি। এই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি তৈরীর কাজ শুরু হয়েছে পুরোদমে। থিম হিসেবে ম্যানগ্রোভ সুন্দরবনকে বেছে নিয়েছেন ডিজাইনার সেজান লিংকন। আইসিসির বিধি নিষেধ আর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনায় রেখে টাইগারদের জন্য তৈরী হচ্ছে বিশ্বমানের জার্সি।
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি তৈরির দায়িত্ব সেজান লিংকনের কাঁধে। এই তরুণের ডিজাইন করা জার্সি পড়েই ২০১১ বিশ্বকাপ আর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন সাকিবরা।
লাল-সবুজের প্রাধান্য থাকছে বরাবরের মতো। তবে টাইগারদের বিশ্বকাপ জার্সির থিম ও মোটিফে থাকছে ভিন্নতা। মেগা ইভেন্টে যা নি:সন্দেহে নজর কাড়বে ক্রিকেট বিশ্বের।
এখন শুধু আধুনিক ফ্যাশন আর দৃষ্টিনন্দন ডিজাইন মাথায় রেখেই জার্সি তৈরি হয় না। খেলোয়াড়দের স্বস্তির বিষয়টিকে দেয়া হয় গুরুত্ব। সঙ্গে দেশাত্মবোধ জাগিয়ে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার বিষয়টিও থাকে।
বিশ্বকাপে অংশ নিতে ২৪ জানুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। আর এর আগেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বিশ্বকাপ জার্সি। তবে টাইগার ফ্যানদের এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। ইণ্ডিপেনডেণ্ট