
ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খুনি আখ্যা দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন খুনিদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না।
মঙ্গলবার বিকেলে গাবতলী মাজার রোডে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, বেগম খালেদা জিয়া কিছু গুন্ডা ভাড়া করে পুলিশ ও সাধারণ জনগণকে নির্বিচারে পেট্রোল বোমা মেরে হত্যা করছে। এসব সন্ত্রাসী কর্মকা- করে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবেনা। খালেদা জিয়ার কালো হাত ভেঙ্গে দেয়া হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, ভুলস্বীকার করলে দোষ নেই, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের সেই (ভুলস্বীকারের) সৎ সাহস আছে। আপনি (বেগম খালেদা জিয়া) অবরোধ ডেকে ভুল করেছেন। জনগণতো আপনার এ অবরোধ কর্মসূচিতে সাড়া দেয়নি, এমনকি আপনার নেতাকর্মীদেরকেও খুঁজে পাওয়া যায়নি। খালেদা জিয়া মাপ চেয়ে ঘরে ফিরে যাবেন বলেও মন্তব্য করেন নাসিম।
বোমা হামলা করে সংলাপ হয়না উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালে আপনার সঙ্গে সংলাপে বসতে চেয়ে ছিলাম কিন্তু আপনি বসেননি, ২০১৯ সালের পূর্বে কোন সংলাপ বা নির্বাচন বাংলার মাটিতে হবেনা।
নাসিম আরো বলেন, শেখ হাসিনার কাছে আপনি বারবার পরাজিত হয়েছেন আবারো পরাজিত হবেন, আপনি কখনো জয়ী হতে পারবেন না।
এসময় বিমান মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশের মানুষ আপনার সঙ্গে থাকলে গণঅভ্যূত্থান হয়ে যেত, কিন্তু গণঅভ্যূত্থানতো দূরে থাক গণআন্দোলনই হয়নি। এসময় তিনি আরো বলেন, জামায়াত ও সহিংসতা ছাড়লে আপনাদের (বিএনপি) সঙ্গে আলোচনা হতে পারে।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলামের সভাপতিত্বে জনসভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহা উদ্দিন নাসিম প্রমুখ।