দিনাজপুর প্রতিনিধি : জেলার ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় জোছনা বেগম (৬০) নামে ভটভটির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঘোড়াঘাট উপজেলার খেতাব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোছনা বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পূর্ব ছাপোরহাটি গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী।
ঘোড়াঘাট থানার এসআই মাসুদ রানা জানান, জোছনা বেগম ভটভটিতে চড়ে মেয়ে-জামাইয়ের সঙ্গে হাকিমপুর থেকে পলাশবাড়ী যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।