সিসি নিউজ: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের হামালয় দুই শিক্ষক আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে মুখোশধারী সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে ঢুকে দুই শিক্ষকের ওপর হামলা চালায়। এসময় তাদের হাঁসুয়া দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে ডরমেটরিতে ভাংচুর করে বীরদর্পে চলে যায় সন্ত্রাসীরা।
আহত শিক্ষকরা হলেন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন ও রসায়ন বিভাগের শিক্ষক এইচ এম তারিকুল ইসলাম। ডরমেটরির পাশে পুলিশ থাকলেও তারা নিরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ করেছেন শিক্ষকরা।
আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন বলেন, মুখোশধারী সন্ত্রাসীরা ডরমেটরিতে ডুকে তাদের দুইজনকে কুপিয়ে আহত করেছে। এসময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা কোন সাহায্য করেনি। শিক্ষকদের মধ্যে একজনের পায়ে কোপ লেগে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বুধবার দিবাগত মধ্যরাতে অনশনরত শিক্ষার্থীদের ওপরও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।