দিনাজপুর প্রতিনিধি : মহাসড়কে যান চলাচল নির্বিঘ্নে করতে দিনাজপুর জেলার বিভিন্ন পয়েন্টে ৪১টি আনসার ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ৪৯২ জন আনসার সদস্য তিন ভাগে বিভক্ত হয়ে ২৪ ঘণ্টা মহাসড়কে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
দিনাজপুর-ঘোড়াঘাট, দিনাজপুর-সৈয়দপুর, দিনাজপুর-ঠাকুরগাঁও পর্যন্ত মহাসড়কগুলোতে অস্থায়ী এ ক্যাম্প বসানো হয়েছে।
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ী মহাষষ্টি এলাকায় দায়িত্বরত আনসার কমান্ডার জাহেদুল ইসলাম জানান, তারা এই ক্যাম্পে মোট ১২ জন আনসার সদস্য রয়েছেন। চার জন করে তিন ভাগে বিভক্ত হয়ে দিন-রাত মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দিচ্ছেন তারা।
এ ব্যাপারে সদর উপজেলার ট্রাক চালক মহসীন জানান, পুলিশ ও বিজিবির পাশাপাশি মহাসড়কে আনসার সদস্যরা থাকায় হরতাল অবরোধে তারা ট্রাকে মালামাল তুলে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছেন।
দিনাজপুর সার্কেলের আনসার-ভিডিপির অ্যাডজুডেন্ট তৌহিদুজ্জামান জানান, আনসার সদস্যরা দিন-রাত সমানভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা দেশ ও জনগণের জানমালের নিরাপত্তায় শুধু মহাসড়ক নয় অন্যান্য স্থানেও নিরাপত্তার দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত রয়েছেন।