নোয়াখালী : নোয়াখালীতে মাসুদ (৩০) নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাসুদ নোয়াখালী ইউনিয়নের চর উড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে নেয়ার পথে নোয়াখালী জেলা কারাগার গেইটে তার মৃত্যু হয়।
নোয়াখালী সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত মাসুদের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ অন্তত ৬টি মামলা রয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ জানান, নিহত মাসুদ যুবদলের ক্যাডার। মঙ্গলবার দুপুরে কালিতারা বাজারে হরতাল অবরোধের পিকেটিং করতে গেলে স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেয়। বিকেলে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হলে সন্ধ্যায় জেল গেটে তার মৃত্যু হয়।
অপরদিকে স্থানীয় একটি সূত্র জানায়, নিহত মাসুদ এক সময় যুবদল করতো। বর্তমানে সে যুবলীগে যোগ দিয়েছে। মঙ্গলবার দুপুরের কিছু যুবক ডাক্তার মিয়ার বাজার থেকে মাসুদকে ধরে এনে কালিতারা বাজারে পিটুনি দেয়। এতে মাসুদ গুরুতর আহত হলেও সঠিক চিকিৎসা দেয়া হলে হয়তো সে বাঁচতো বলে এলাকার অনেকে জানান।
নোয়াখালী জেল সুপার নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় জেল গেটের সামনে মাসুদ নামের একজন আসামির মৃত্যু ঘটলে তার মৃতদেহ পুলিশ নিয়ে যায়।