রংপুর: রংপুরে গলাকাটা অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর মাহিগঞ্জ সাতমাথার ইসমাইল ইঞ্জিনিয়ারিং ওযার্কশপের ভেতর থেকে শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে মাহিগঞ্জ ফাঁড়ির পুলিশ।
শিশু তাওহীদুর রহমান প্রান্ত নগরীর সাতমাথার নাছনিয়া আমবাড়ী গ্রামের মানিক মিয়ার ছেলে। সে আফান উল্লাহ কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, প্রান্তর মা লাইলী বেগম ছেলেকে খুঁজে না পেয়ে ৩১ জানুয়ারি কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তাদের কি উদ্দেশ্য ছিল- তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, ইসমাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ও মালিককে খোঁজা হচ্ছে। তাদের ধরতে পারলে জিজ্ঞাসাবাদে প্রকৃত তথ্য পাওয়া যেতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।