ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক নবজাতককে হত্যার অভিযোগে বাবা সুদেব চন্দ্রকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বৃদ্ধিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃদ্ধিগাঁও গ্রামের সুদেব চন্দ্র রায় এক বছর আগে কাজ করতে ভারত যান। যাওয়ার কিছুদিন পর জানতে পারেন তার স্ত্রী অলকা রাণী অন্তঃসত্ত্বা। কিন্তু সুদেব সেই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেন এবং বাচ্চাটি নষ্ট করে ফেলার জন্য স্ত্রীকে চাপ দেন। এতে অলকা রাজি হননি। আজ সকালে স্থানীয় একটি হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন অলকা। দুপুরে শিশুটিকে প্রথমে শ্বাসরোধ করে ও পরে আছাড় মেরে হত্যা করেন সুদেব। আশেপাশের লোকজন বিষয়টি জানার পর সুদেবকে আটক করে থানায় সোপর্দ করে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতককে হত্যার অভিযোগে শিশুটির পিতা সুদেবকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।