বরিশাল: বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অতর্কিত হামলার শিকার হয়েছেন আবদুল কাদের নামে এক মুক্তিযোদ্ধা। এসময় ওই হামলায় আরও আহত হয়েছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এহসান রাব্বী।
আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শুক্রবার রাতে বরিশাল নগরীতে এ হামালার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে বরিশাল শে-র-ই বংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিবছরের ন্যায় এবারও সংসদ সদস্যদের পরে শহীদ মিনারে ফুল দেয়ার প্রস্তুতি নেন মুক্তিযোদ্ধারা।
কিন্তু রাত বারোটা এক মিনিটে সংসদ সদস্যরা ফুল দিতে শহীদ বেদিতে ওঠার পর পরই বরিশাল বিশ্ববিদ্যালয় (ভিসি) উপাচার্য ড. হারুন অর রশীদের নেতৃত্বে ছাত্ররা বেদীতে জোর করে উঠে পড়ে।
তবে এসময় শহীদ মিনারে প্রচার মাইকে তখন রাষ্ট্রের পক্ষে বরিশাল বিভাগীয় কমিশনারের নাম ঘোষণা করা হলেও ছাত্ররা এক প্রকার জোর করে শহীদ মিনারে উঠে।
এ ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষর্থীদের বাকবিতাণ্ডা হয়।
এর কিছুক্ষণ পরে ফুল দিয়ে বের হয়ে শিক্ষার্থীরা সামনে থাকা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ধাওয়া দেয়।
এক পর্যায়ে তারা মুক্তিযোদ্ধা আবদুল কাদের ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব এহসান রাব্বীকে পিটিয়ে আহত করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এমজি কবির ভুলু জানান, এ ঘটনায় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ-মুক্তিযোদ্ধা সংসদ নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে।
বাংলামেইল