নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছয়জন দগ্ধ এবং অপর দু’জন আহত হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেন।শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।দগ্ধ ছয়জনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- রাশেদ (২৭), মো. হেলাল (২৭), আবদুস সালাম (২৮), বেলাল হোসেন (২৬) এবং সোহেল (২৫)।জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, একটি টেক্সটাইল মিলের যন্ত্রাংশ নিয়ে ট্রাকটি ঢাকার শ্যামপুরের দিকে যাচ্ছিলো। ত্রিপলের উপরে মালামাল আনলোড করার জন্য চৌদ্দ শ্রমিক বসা ছিলো। ট্রাকটি যাত্রামুড়া ব্রিজ থেকে একটু সামনে এলে অন্ধকার জায়গা থেকে দুর্বৃত্তরা ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে। এতে ট্রাকের উপরে থাকা ছয় শ্রমিক দগ্ধ হয়। আরো দুই জন আতঙ্কে নামতে গিয়ে আহত হয়েছে। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই এলাকাবাসী ও বাস ড্রাইভারদের সহায়তায় দগ্ধ ও আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, ঘটনার জন্য দায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।