চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় বুধবার রাতে সিএনজি অটোরিকসায় হরতালকারীদের ছোঁড়া পেট্রোলবোমায় দগ্ধযাত্রী রণজিৎ নাথ (৩০) মারা গেছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার রাতে হাটহাজারী উপজেলার চারিয়া বুড়ি পুকুর পাড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকসায় হরতালকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় চালক সাবের হোসেন (২৮) ও যাত্রী রণজিৎ নাথ (৩০) দগ্ধ হন। এদের মধ্যে রণজিৎ নাথের শরীর ৮৪ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে বুধবার রাতেই হাসপাতালের আইসিইউতে নিয়ে চিকিৎসা দেয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাজনৈতিক সহিংসতার বলি হয়ে একদিনের মাথায় মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর রণজিৎ নাথ।
এদিকে এঘটনায় পুলিশের দায়ের একটি মামলা হাটহাজারী থানা পুলিশ মির্জাপুর ইউনিয়ন বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।