আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বারের মতো বৈঠক করলেন পশ্চিমবঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০১৪ সালের মে মাসে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার সঙ্গে মুখোমুখি বসলেন মমতা।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্র সরকারের কাছে পশ্চিমবঙ্গের বিশাল অঙ্কের ঋণ মওকুফের জন্য মোদিকে অনুরোধ করেছেন মমতা। মূলত এ বিষয় নিয়েই বৈঠকে বেশি আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, ঋণের চাপ কমাতে মমতা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন মোদি। কয়লার ব্লক টেন্ডার দিয়ে রাজস্ব আদায়ের দিকে নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী।
এদিকে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মমতা বলেছেন, ‘ঋণের বোঝা মাথায় নিয়েও অর্থনৈতিক ব্যবস্থানায় শৃঙ্খলা রয়েছে রয়েছে বলে স্বীকার করেছেন মোদি। মোদি আমাদের আশ্বস্ত করেছেন, ঋণ মওকুফের বিষয়টি তিনি দেখবেন।’
কেন্দ্র সরকারের ভূমি অধিগ্রহণের বিলকে কৃষকবিরোধী বলে আসছে তৃণমূল কংগ্রেস। মমতা এদিন তার ব্রিফিংয়ে বলেন, ‘জোর করে কৃষকদের কাছ থেকে ভূমি অধিগ্রহণ করার পক্ষে নই আমরা।’