খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ভাবকী ও গোয়ালডিহি ইউনিয়নের লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন ভেন্যুতে অনুষ্ঠিত দুই ইউনিয়নের লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। দিনভর অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে লিগ্যাল এইড বিষয়ে উপস্থাপন করেন এইড কুমিল্লা’র জাস্টিস ফর অল দিনাজপুর প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: দেলোয়ার হোসেন ও ফিল্ড অফিসার মো: নুরুল হক টিটু। নতুন ও চলমান মামলায় দরিদ্র ও অস্বচ্ছল ব্যক্তি, প্রতিবন্ধী, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যাক্তাদের বিনা খরচে আইনী সহায়তা প্রদান, সামাজিক দায়বদ্ধতা, সরকারি আইন পালন এবং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির দায়-দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে বিশদ ভাবে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশনে ইউপি চেয়ারম্যান ও লিগ্যাল এইড কমিটির সভাপতি ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, ইউপির সচিব জগমোহন রায় ও সুরেশ চন্দ্র রায়সহ সংরক্ষিত মহিলা আসন সদস্য, ওয়ার্ড ইউপি সদস্য, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীকইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, মিডিয়া কর্মী, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।