ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, ‘ইয়াহিয়া খান, আইয়ূব খান এবং স্বৈরাচারী এরশাদ জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারেননি, আপনিও পারবেন না।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত বিপন্ন গনতন্ত্র, বিপর্যস্ত কৃষি ও উত্তোরণের উপায় শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
গাজী বলেন, ‘বর্তমানে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা এবং গ্রেপ্তারের নামে গুম করা হচ্ছে। এজন্য তাদেরকে একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোর জুলুম করে এভাবে ক্ষমতায় থাকা যায়না। যারা অন্যায়ভাবে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছেন তাদেরই পতন ঘটেছে।’
তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন দিয়ে মানুষকে বোকা বানিয়েছেন। এখন দেশের মানুষ সব দলের অংশগ্রহণে একটি গ্রহনযোগ্য নির্বাচন চায়।’
৩ দিন থেকে বিএনপির যুগ্ম মহসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ থাকলেও তার কোনো সন্ধান দিতে পারছে না সরকার বলে অভিযোগ করে অক্ষত সালাহ উদ্দিনকে ফেরত দেয়ারও দাবি জানান রুহুল আমিন গাজী।
আয়োজক সংগঠনের আহ্বায়ক আনোয়ারুন নবী বাবলার সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য দেন- প্রকৌশলী হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, অ্যাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাফিজ প্রমুখ।