খেলাধুলা ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে জিতিয়েছিলেন মার্টিন গাপটিল। আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এসে শুধু সেঞ্চুরিই নয়, ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন এই কিউই ব্যাটসম্যান।
বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন গাপটিল। এর আগে এ আসরেই বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি করেন ক্রিস গেইল। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে ২১৫ রানের ‘বিস্ফোরক’ এক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ‘ব্যাটিং-দানব’।
শনিবার বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৩৭ রানের ‘বিধ্বংসী’ ইনিংস খেলে অপরাজিত থাকেন গাপটিল, যা বিশ্বকাপের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। গেইলের ২১৫ রানের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটি ভেঙে দিয়েছেন গাপটিল। তার মাত্র ১৬৩ বলের ইনিংসে ছিল ২৪টি চার ও ১১টি ছক্কার মার।
গাপটিলের ২৩৭ রান ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সর্বোচ্চ রোহিত শর্মার ২৬৪ রান।