মিটুল চৌধুরী: বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হলো নীলফামারীর জলঢাকা উপজেলাকে। মঙ্গলবার দুপুরে জলঢাকা স্টেডিয়াম মাঠে গণসমাবেশে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মুহাম্মাদ দিলোয়ার বখত আকাশে বেলুন উড়িয়ে এই ঘোষণা দেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার নারী-পুরুষ, বিভিন্ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ব্যানার, ফেষ্টুইন হাতে নিয়ে গণসমাবেশে অংশ গ্রহণ করে।
নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে এসময় গণসমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, নারী ভাইস-চেয়ারম্যান রিভা আক্তার, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারীর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ নীলফামারী ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ডা. হৃশিকেশ সরকার প্রমুখ।
জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসান হাবিব জানান, জলঢাকা উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা করতে ২০১৪ সালে জানুয়ারী মাস থেকে উপজেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জলঢাকা ইউনিট এবং উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) নীলফামারী যৌথভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার গ্রাম-পাড়া-মহল্লায় অভিভাকদের সাথে সভা-সমাবেশ করা হয়। এছাড়াও বাল্য বিবাহ আয়োজন করায় উপজেলা প্রশাসন ভ্রামান আদালত পরিচালনা করে ২০জন অভিভাককে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করে।
গণসমাবেশ শেষে সেখানে ইউএসএস’র গার্ল পাওয়ার প্রকল্পের অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েরা কারাতে প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।