সিসি নিউজ: বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামের ১৪ হিন্দু পরিবারের ওপর নির্যাতন ও নয়টি পরিবারকে উচ্ছেদের ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
ওই ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘দোষীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি। এ ছাড়া প্রকৃত সত্য উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিচার বিভাগীয় তদন্ত কমিটি ও যুগপৎভাবে আন্তর্জাতিক তদন্তের জোর দাবি জানাচ্ছি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এই বিবৃতিটি মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ‘গত ১২ মার্চ বরগুনার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে নয় পরিবারকে উচ্ছেদসহ ১৪ পরিবারকে নির্যাতন করা হয়েছে। স্থানীয় সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকাসহ সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।’
বিএনপি চেয়ারপারসন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনাটিতে ভিন্ন দিকে নেওয়ার জন্য স্থানীয় যুবদলকে জড়ানো হচ্ছে- অভিযোগ করে তিনি বলেন, ‘এই ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে দু-একটি গণমাধ্যম এর সঙ্গে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের স্থানীয় নেতা-কর্মীদের জড়িয়ে অসত্য ও বানোয়াট সংবাদ পরিবেশন করেছে।’
ওইসব গণমাধ্যমের প্রতি প্রশ্ন রেখে বিএনপি প্রধান বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন রাজনৈতিক মিথ্যা মামলার কারণে গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং গুম-খুনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে কীভাবে তারা এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে?’
দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে ‘বিকৃত অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।