ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তির বাস্তবায়ন জন্য উচ্চ পর্যায়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে ‘ডিক্যাব টক’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
পঙ্কজ শরণ বলেন, ‘এই বিষয়টি সমাধানের জন্য উচ্চ পর্যায়ে কাজ চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো হস্তক্ষেপ করে না।’
তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়টি দুই দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভারতের উচ্চ পর্যায়ে কাজ চলছে। আশা করি, দ্রুত এর সমাধান হয়ে যাবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে পঙ্কজ শরণ বলেন, ‘বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ভারতের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন, ঠিক তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।’
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া মাত্রই সাংবাদিকদের জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।