গাইবান্ধা: গাইবান্ধা সদর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে হিমেল রায়হান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৩টার দিকে আউটার সিগন্যালের কাছে (কলেজপাড়া) এ দুর্ঘটনা ঘটে।
হিমেল শহরের গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও কলেজপাড়ার বাসিন্দা আবু রায়হানের ছেলে।
হিমেলের মামা রাশেদুল ইসলাম জানান, স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়ার কথা বলে হিমেল বাসা থেকে বের হয়। পরে লোকমুখে তার মৃত্যুর খবর শুনে দুর্ঘটনাস্থলে এসে তার মৃতদেহ দেখতে পাই।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইন পার হওয়ার সময় সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী সেভেনআপ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় হিমেল।
এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।