খেলাধুলা নিউজ: টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের মিসবাহ-উল-হক। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর অভিজ্ঞ এই ক্রিকেটার পাকিস্তানের সমর্থকদের ধৈর্য্য ধারণ করতে বলেছেন। তরুণদের নিয়ে গঠিত এই দলটিকে সময় দিতে বলেছেন।
মিসবাহ বলেন, ‘আমরা যদি আমাদের ওয়ানডে দলকে ভালো অবস্থায় দেখতে চাই, তাহলে তাদের হারগুলো মেনে নিতে হবে। তাদের সময় দিতে হবে। সব ধরণের পরিবর্তনেরই একটা প্রভাব থাকে। দলে যারা তরুণ খেলোয়াড় এসেছেন, তারা একসময় ভালো করবেন। আর সেই সময় পর্যন্ত ধৈর্য্য ধরতে হবে।’
এদিকে আরেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করেন ইউনুস খান, আহমেদ শেহজাদ, উমর আকমল এই সিরিজে না থাকায় দল প্রত্যাশার চেয়ে খারাপ পারফরম্যান্স করেছে। একটু সময় দিলেই এই দলটা গড়ে উঠবে, ‘আমরা যদি ভবিষ্যতে ভালো একটি দল চাই, তাহলে এই দলকে সমর্থন দিতে হবে। তাদের পাশে থাকতে হবে। যাতে করে তারা আত্মবিশ্বাস পায়। তাদের আতঙ্কিত না করে সময় দিতে হবে। আর সেটা দিতে পারলে আগামী দুই বছরের মধ্যে এই দলটা পরিপক্কতা লাভ করবে। তাই আমাদের সবসময় রেজাল্টের দিকে তাকালে হবে না।’