বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের উনাহত সিংড়া গ্রামে ভূমিকম্পে হেলে যাওয়া মাটির সীমানা প্রাচীর ধসে মোর্শেদা বেগম(৪৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার(২৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া ভূমিকম্পের সময় এ ঘটনা ঘটে। মোর্শেদা একই গ্রামের বয়েজ উদ্দিন আকন্দের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে বয়েজ উদ্দিনের বসতবাড়ির মাটির সীমানা প্রাচীর বেঁকে ও হেলে যায়। মোর্শেদা সীমানা প্রাচীর সংলগ্ন গোয়ালঘর থেকে গরু বের করার চেষ্টা করলে প্রাচীরটি ভেঙে তার ওপরে পড়লে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুনাহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।