খেলাধুলা নিউজ: নেপালে শক্তিশালী ভূমিকম্পের পর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা নিরাপদে আছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাফুফের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, নিরাপত্তার কারণে ফুটবলারা হোটেল ছেড়ে মাঠে ছিলেন। তিনি আর বলেন, ‘নেপালে মেয়েরা ভালো আছে, নিরাপদে আছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে।’
শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভুমিকম্পে ধসে পড়েছে বহু ভবন, নিহত হয়েছেন সহস্রাধিক মানুষ। এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের খেলতে নামার কথা ছিল।
কিন্তু ভূমিকম্পের কারণে ফাইনাল স্থগিত করা হয়েছে। ফাইনালের দিনক্ষণ ফের ঠিক হওয়ার আগে নেপাল থেকে ফুটবলারদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তও নেওয়া হয়ে গেছে। এএফসি থেকেই বাফুফেকে পরামর্শ দেওয়া হয়েফে ফুটবলারদের দেশে ফিরিয়ে আনার জন্য।
বাফুফে সেক্রেটারি আবু নাঈম সোহাগ বলেন, ‘বাংলাদেশের ফুটবলার এবং কর্মকর্তারা যে হোটেলে ছিলেন সেটার কোন ক্ষতি হয়নি। এএফসি থেকেই বলা হয়েছে দল ফিরিযে নিতে। কারণ ফাইনাল কবে হবে তা অনিশ্চিত। ফাইনালের ভেন্যু কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়াম বলতে গেলে পুরোপুরি বিধ্বস্ত। আমরা দ্রুত তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছি।’
বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার বলেন, ‘ফাইনাল যেহেতু স্থগিত। এএফসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কবে ফিরবে। তবে চাইলেও এখন দল দেশে ফিরতে পারবে না। কারণ, ভূমিকম্পে নেপালের বিমানবন্দর মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিমান ব্যবস্থা ঠিক না হওয়ার আগে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।’