মাগুরা : মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহাব।
গত মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ টি এম আব্দুল ওয়াহাব জানান, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়পত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুল ওয়াহাব সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না হলেও এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী সমর্থক হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুরসহ যশোর এলাকায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে। তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন।
মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু জানান, উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন লাভের জন্য মোট ১৭ জন দলীয় মনোয়ন ফরম কিনেছিলেন। তাদের মধ্যে ১৬ জন মনোনয়নপ্রত্যাশী গত ২৪ এপ্রিল ঢাকায় দলীয় মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন।
গত ২০ এপ্রিল এ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমা ৩০ এপ্রিল। বাছাই ৪ মে। প্রত্যাহার ১২ মে। ভোটগ্রহণ হবে ৩০ মে।
উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শূন্য হয়।
সিরাজুল আকবর এ আসন থেকে পরপর চার বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান ছিলেন।
মাগুরা সদরের নয়টি ও শ্রীপুর উপজেলা আটটি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন। মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৫। পুরুষ ১ লাখ ৬০ হাজার ৭২৩। নারী ভোটার ১ লাখ ৬৩ হাহার ৩৩২। মোট ভোট কেন্দ্র ১৪০।