সিসি নিউজ: গাজীপুরে আগামী ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ সাত শ্রমিকের মধ্যে আরও একজন মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হলো। দগ্ধ আরও পাঁচ শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের নাম আবুল হোসেন (৫০)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মৃত খোরশেদ উদ্দিনের ছেলে। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকার বাস করতেন এবং আগামী ওয়াশিং লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন আবুল হোসেন।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, মৃত আবুল হোসেনের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। আহদের মধ্যে দুলাল হোসেন নামে আরও এক শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।
চন্দ্রা এলাকার আগামী ওয়াশিং লিমিটেড কারখানায় সোমবার সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় সাত শ্রমিক দগ্ধ হন। পরে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান রেহানা আক্তার (২৮) নামে এক শ্রমিক।