সিসি ডেস্ক : আনুষ্ঠানিকভাবে রোববার উদ্বোধন হতে যাচ্ছে নতুন ৪টি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে তেল ভিত্তিক তিনটি এবং গ্যাস ভিত্তিক একটি। এসব বিদ্যুৎ কেন্দ্র গণভবন থেকে বিকেল ৫ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এছাড়াও এদিন মেঘনা ঘাট-আমিনবাজার ৪০০ কিভি ট্রান্সমিশন লাইন ও রাজধানীর লালবাগে নবনির্মিত ১৩২/৩৩/১১ কেভি সাব-স্টেশন উদ্বোধন করা হবে।
তেল ভিত্তিক যেসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে সেগুলো হলো ৫২.২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নাটোরের রাজলংকা বিদ্যুৎ কেন্দ্র, গগনগর নারায়ণগঞ্জ ১০২ মেগাওয়াট ও কাঠপট্টি (মুন্সীগঞ্জ) ৫২ মেগাওয়াট। এছাড়া উদ্বোধন করা হবে ঘোড়াশাল ১০৮ মেগাওয়াট গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
নাটোর শহরের বড়ভিটা এলাকায় শ্রীলংকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে চারশ’কোট টাকা ব্যায়ে ছয় একর জমির স্থাপন করা হয়।
রাজলংকা বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার লংকা তিলক রত্নে বলেন, `কেন্দ্রটিতে মোট ৬টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ৮.৯ মেগাওয়াট।`
কেন্দ্রটি স্থাপনের ফলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণ, কৃষি ও কলকারখানার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে রাজলংকা বিদ্যুৎকেন্দ্রের পরিচালক আব্দুল ওয়াদুদ দারা এমপি জানান, এই বিদ্যুৎ কেন্দ্রটি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করছে। কেন্দ্রটি স্থাপিত হওয়ায় উত্তরাঞ্চলের মানুষ শুষ্ক মৌসুমসহ সব সময় বিদ্যুতের সার্বিক সুবিধা ভোগ করছে।