ঢাকা : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের জন্য সুদানের উদ্দেশে ১৫২ সেনা সদস্য ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মুহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার ফোর্স রিজার্ভ কোম্পানি-১ এর মেজর মো. জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫২ সেনা সদস্য ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় ইউনাইটেড ন্যাশন্স হাইব্রিড অপারেশনস ইন দারফুর (ইউনামিড) সুদানে কাজ করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুদানের দারফুরে ২০০৮ সাল থেকে বাংলাদেশি সেনা সদস্যরা শান্তিরক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন। দক্ষিণ সুদানের স্বাধীনতা লাভের পরও দারফুরে এখনো জাতিগত সংঘাত চলছে। দারফুরে সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।