টাঙ্গাইল : টাঙ্গাইলে ট্রাকচাপায় আমজাদ হোসেন মাস্টার (৫০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
আমজাদ হোসেন সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বোয়ালী বিএলএস উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আমজাদ হোসেন মোটরসাইকেলে সখীপুর থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন।
এ সময় তারুটিয়ায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।