আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে আবারও নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইতালির সিসিলি দ্বীপের দক্ষিণে অভিবাসী বোঝাই নৌকাটি ডুবে যায়।
মঙ্গলবার সেভ দ্য চিলড্রেনের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর বিবিসি অনলাইন তাদের ব্রেকিং নিউজে এ তথ্য জানায়।
সেভ দ্য চিলড্রেন বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসীর সঙ্গে কথা বলে জানতে পারে, একটি উদ্ধারকারী জাহাজ প্রায় ডুবে যাওয়া ওই নৌকাটির কাছাকাছি গেলে অনেককে নৌকা থেকে পানিতে ফেলে দেওয়া হয়।
ডুবে যাওয়া ওই নৌকার যেসব অভিবাসীকে জীবিত উদ্ধার করা গেছে, তাদের নিয়ে ইতালির একটি জাহাজ মঙ্গলবার দেশটির কাতানিয়া বন্দরে ভিড়েছে।
সেভ দ্য চিলড্রেন আরো জানিয়েছে, সবশেষ এই নৌকাডুবিতে প্রায় ৪০ জনের প্রাণহানি ঘটেছে। তবে ইতালির উপকূলরক্ষীরা এই মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
এ বছরের এই কয়েক মাসে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সলিলসমাধি হয়েছে অন্তত ১ হাজার ৭৫০ জন অভিবাসীর। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২০ গুণ বেশি।