ময়মনসিংহ : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, রবীন্দ্রনাথকে জানতে হলে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য বই পড়তে হবে।
শুক্রবার রাতে ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রওশন এরশাদ বলেন, ইন্টারনেট আর ফেসবুক নিয়ে বসে জ্ঞান অর্জন হবে না। লাইব্রেরিতে যেতে হবে। বই পড়তে হবে। তিনি বইকে জীবন চলার পথে একমাত্র পাথেয় হিসেবে বর্ণনা করে আরো বলেন, জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যম বই। বই পড়লে কোথাও হোচট খেতে হয় না।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহিত-উল-আলম, পুলিশ সুপার মঈনুল হক, প্রফেসর মোকাররম হোসাইন ও ড. সুমিতা নাহা।
অনুষ্ঠোনে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদ রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে ড. সুমিতা নাহা ও স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।