সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে বোরকা পরে ছাত্রের অনুপ্রবেশ ও অনৈতিক কাজের দায়ে তিনজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে একজন ছাত্র ও দুজন ছাত্রী রয়েছেন। রোববার রেজিস্ট্রার স্বাক্ষরিত এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ঝোলানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন : ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্র জামাল হোসেন সবুজ, ওই বিভাগের একই বর্ষের ছাত্রী কামরুন্নাহার ও আকলিমা বেগম। এর মধ্যে সবুজকে আজীবন এবং অপর দুই ছাত্রীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব জানান, বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট’ বিধি অনুযায়ী তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জানুয়ারি জামাল হোসেন সবুজ বোরকা পরে সিকৃবির সুহাসিনী দাশ ছাত্রীনিবাসে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হন। পরে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের আলোকে সবুজসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।