খেলাধুলা ডেস্ক : লড়াইটা ছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের মধ্যে। তার চেয়েও বড় কথা, ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ও ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মধ্যে!
আইপিএলের সে লড়াইয়ে ‘বড় ভাই’ ধোনির কাছে হেরে গেছেন কোহলি। দ্বিতীয় কোয়ালিফায়ারে বেঙ্গালুরুকে ৩ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে চেন্নাই।
শিরোপার লড়াইয়ে আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেনে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে চেন্নাই।
শুক্রবার রাঁচিতে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান করে বেঙ্গালুরু। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ক্রিস গেইল। এ ছাড়া সরফরাজ খান ৩১ ও দীনেশ কার্তিক ২৮ রান করেন।
এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি ও ডি ভিলিয়ার্স। কোহলির ব্যাট থেকে ১২ ও ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ২৮ রানে ৩ উইকেট নিয়ে চেন্নাইয়ের সেরা বোলার আশীষ নেহরা।
১৩৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় তুলে নিতে অবশ্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয় চেন্নাইকে। ১ বল আগে ৩ উইকেটের জয় পায় ধোনির দল। ৫৬ রান করে দলের জয়ে বড় অবদান রাখেন মাইকেল হাসি। তার ৪৬ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার।
দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক ধোনির ব্যাট থেকে। দলীয় ৬১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটিও গড়েন হাসি-ধোনি।