সিরাজগঞ্জ: কামারখন্দে ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক বাসযাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় পৌঁছলে চাকা পাংচার হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্তরা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে নাবিল পরিবহনের অপর একটি বাস পেছন থেকে অন্তরা পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন এবং কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও পাঁচজন মারা যান। দুর্ঘটনায় দুই বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।