রাজশাহী : অদম্য ওরা সাতজন। প্রতিবন্ধিকতা দমাতে পারেনি সিয়াম, মনসুর, জামিল, ওয়াহেদ ও জান্নাতুল মাওয়াদের। রাজশাহী বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে ওরা সাতজন। ওরা সকলেই দৃষ্টি প্রতিবন্ধি।
এদের মধ্যে একমাত্র এবিআই রাফি মো: সিয়াম জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে বগুড়া জেলা স্কুল থেকে এবারের পরীক্ষায় অংশ নেয়। দৃষ্টি প্রতিবন্ধি এ পরীক্ষার্থীর শ্রুতিলেখক ছিলো বগুড়ার দারুল ইসলাম নৈশ্য উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আলিম উল ফাহাদ সিহাব।
অন্য ছয় প্রতিবন্ধির মধ্যে মনসুর আলী পাবনার ভারারা উচ্চ বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় অংশ নেয়। সে জিপিএ-৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় তার শ্রুতি লেখক ছিলো পাশ্ববর্তী চর আশুতোষপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ওমর সাজু।
পাবনার ভারারা উচ্চ বিদ্যালয়ের আরো তিন শিক্ষর্থী রবিউল ইসলাম, জামিল হোসেন ও মাহবুব আলম। এদের মধ্যে রবিউল ও জামিল পেয়েছে জিপিএ-৪.৬৭। আর মাহবুব উত্তীর্ণ হয়েছে জিপিএ-৪.০০ পেয়ে।
রবিউল ইসলাম, জামিল হোসেন ও মাহবুব আলমের শ্রুতি লেখক ছিলো যাথাক্রমে পাশ্ববর্তী চর বলরামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাগর হোসেন, মাহমুদপুর জায়েদ আলী সরকার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সুমন হোসেন ও চর বলরামপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এনামুল কবির।
এছাড়া সিরাজগঞ্জের এসবি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ জিপিএ-৪.৬১, এবং বগুড়া সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া জিপিএ-৩.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এরা সকলেই শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় অংশ নেয়।
এদিকে, প্রতিবন্ধি এসব পরীক্ষার্থীর কৃতিত্বের জন্য তাদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আযাজ। একই সঙ্গে তাদের উন্নত ভবিষ্যত কামনা করেছেন তিনি।