গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় অপহরণের ১১দিন পর পরিত্যক্ত পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় অর্ধগলিত এক অটো চালকের মৃতদেহ সোমবার উপজেলার খলেয়া ইউনিয়নের মাঝাপাড়া এলাকা উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর সিটি কর্পোরেশন এলাকার উত্তম হাসনা এলাকার ফজলার রহমানের ছেলে দুলাল মিয়া (৩২) দীর্ঘদিন থেকে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল। সে গত ২০ মে ভাড়ার উদ্দেশ্যে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরিবারের লোকজন অনেক খোঁজ-খবর করে না পেয়ে গত ২১ মে কোতয়ালী থানায় সাধারণ ডায়েরী করে।
এদিকে গতকাল সোমবার সকালে মাঝাপাড়ার স্থানীয় লোকজন বাঁশঝাড় সংলগ্ন পরিত্যক্ত পুকুরে দুর্গন্ধযুক্ত বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় পুকুর থেকে বস্তাটি তুলে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে বস্তার মুখ খুললে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ১টি মৃতদেহ বের হয়। বিষয়টি দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে নিহত দুলাল মিয়ার ভাই দয়ালসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পড়নের কাপড় ও ভাঙ্গা দাঁত দেখে মৃত দুলালকে সনাক্ত করে।
নিহত দুলালের ভাই দয়াল বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে অপহরণ করে হত্যা করা হয়েছে। তিনি ভাই হত্যার বিচার চান।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দুলালকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে রাখে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।