ঢাকা: হরতাল-অবরোধের সময় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে চাচ্ছে পুলিশ। এ বিষয়ে শুনানির জন্য আগামী বুধবার দিন ঠিক করেছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদন পেয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেন।
এদিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার এ মামলাটি দায়ের করেন।
এর আগে গত ২৮ মে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমদকে পল্টন ও মতিঝিল থানার তিন মামলায় ২৭ দিনের রিমান্ড আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ৯ দফায় রিজভী আহমেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠার আদালত। এরপর দীর্ঘ বিরতির পর বৃহস্পতিবার রিমান্ড আবেদন করেছিল পুলিশ।
চলতি বছর ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র্যাবের হাতে আটক হন রিজভী।