ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০জন।
সোমবার বেলা ১১টার দিকে মুক্তাগাছার নিমুরিয়া ডুবাপাড় নামক স্থানে মাছ ভর্তি একটি মাহেন্দ্র পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- মুক্তাগাছার পাইকড়া গ্রামের জয়নাল আবেদীন (৪৫), একই বাড়ির আঃ ছালাম (৩২), তার মা নবীরন (৫৫) একই গ্রামের তুফানিয়া (৬০), আবুল কাশেম (৬০), ইকবাল ও সিএনজি চালক মন্টু (৩২)। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
গুরুতর আহত অবস্থায় জমশেদ, মাসুদ, লুৎফর, ইকবাল ও মনোয়ারাসহ আরো কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুক্তাগাছা থেকে কালিবাড়িগামী একটি মাছ ভর্তি মাহেন্দ্র পিকআপের সঙ্গে কালিবাড়ি থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। সিএনজি অটোরিক্সার যাত্রীরা ময়মনসিংহ আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।