গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে এক শিল্পপতির কাছ থেকে নগদ ২ লাখ টাকা, একটি পিস্তল ও কাগজপত্র ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে টঙ্গীর কামারপাড়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হক কারখানা থেকে নিজের গাড়িতে করে ঢাকায় যাচ্ছিলেন। রাত ৮টার দিকে টঙ্গীর কামারপাড়া সেতুর পূর্ব পাশে পৌঁছালে অজ্ঞাত ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা গাড়ির কাঁচ ভেঙে নাজমুল হকের ব্যবহৃত একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
শিল্পপতি নাজমুল হকের বরাত দিয়ে টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ছিনতাইকারীরা তার দুই লাখ টাকা, লাইসেন্স করা বিদেশি পিস্তল ও কাগজপত্র নিয়ে গেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।