দিনাজপুর প্রতিনিধি: নতুন বাজেটে সমবায় সমিতির উপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব প্রত্যাহারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধিরা।
সমবায় সমিতিগুলোর জাতীয় সংগঠন দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড-কালব দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
শনিবার (২৭ জুুন) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, স্বল্প আয়ের সমবায়ীরা তাদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন ও প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখছে। কিন্তু নতুন বাজেটে সমবায় সমিতির উপর ১৫ শতাংশ আয়কর প্রস্তাব দেশের স্বল্প আয়ের মানুষের এই সঞ্চয়ী সংগঠনগুলোর বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাই দেশের ক্ষুদ্র আয়ের মানুষকে স্বাবলম্বী করতে সমবায় খাতকে সম্পুর্ণ করমুক্ত রাখার দাবী জানান বক্তারা।
এতে বক্তব্য রাখেন কালব-এর দিনাজপুর জেলা ব্যবস্থাপক মোঃ মোজাফ্ফর হোসেন, সুইহারী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ক্লেমেন তির্কী, ক্লাষ্টার প্রতিনিধি পরিষদের সেক্রেটারী আরজুনা বেগম, সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আকরাম হোসাইন বাবলু, ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লাইজু, বালুবাড়ী মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাঈদা জামান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে দিনাজপুর জেলার সকল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।