স্বাস্থ্য ডেস্ক: একেবারে আঁটোসাঁটো জিন্স পরার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে চিকিৎসকরা বলেছেন, এরকম পোশাক শরীরের পেশি এবং নার্ভের ক্ষতি করতে পারে। সম্প্রতি ৩৫ বছরের এক নারীর পায়ের গোড়ালি ফুলে ঢোল হয়ে যাওয়ার পর তার পরনের আঁটোসাঁটো জিন্সের ট্রাউজার্স ডাক্তারদের কাঁচি দিয়ে কেটে খুলে নিতে হয়েছে। অস্ট্রেলিয়ার ওই নারী বাড়ি বদলের জন্য তার ঘরের জিনিসপত্র গোছানোর সময় অনেকক্ষণ মাটিতে পা মুড়ে বসে কাজ করছিলেন। সন্ধ্যার দিকে তার পা পুরোপুরি অবশ হয়ে যায়, এ সময় তিনি আর হাঁটতে পারছিলেন না। জার্নাল অব নিউরোসার্জারি অ্যান্ড সাইক্রিয়াট্রিতে চিকিৎসকরা এই নারীর ঘটনা উল্লেখ করে ‘স্কিনি জিন্স’ বা আঁটোসাঁটো জিন্সের পোশাক পরার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। চিকিৎসকদের ধারণা, এই নারী ‘কম্পার্টমেন্টাল সিনড্রোমে’ আক্রান্ত হয়েছিলেন। শরীরের একগুচ্ছ পেশি রক্তপাত এবং ফুলে যাওয়ার কারণে যে অবস্থা দেখা দেয় তাকেই চিকিৎসকরা ‘কম্পার্টমেন্টাল সিনড্রোম’ বলেন। এটি বেশ গুরুতর রূপ নিতে পারে।