দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলা শহরে ইফতারের সময় বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় ও বোমার আঘাতে অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ঠিক ইফতারের সময় দিনাজপুর জেলা শহরের প্রাণকেন্দ্র ও বাণিজ্যিক এলাকা মালদহপট্টি চকবাজারে ডাকাতির এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জড়োয় ঘরের কারিগড় জয় (২৫), পাশের দোকানের কর্মচারী গোলাপের (২৩) নাম জানা গেছে। আহত দু’জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ইফতারের সময় ডাকাতরা তিনটি মাইক্রোবাসযোগে এসে সড়কের প্রবেশদ্বার বন্ধ করে দেয়। এরপর জড়োয়া ঘর নামে স্বর্ণের দোকানে প্রবেশ করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এ সময় ১০-১৫ জনের মুখোশধারী ডাকাত দল দোকানের ভিতরে প্রবেশ লুট করে পালিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতদল ১৫-২০টি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
সংবাদ পেয়ে পুলিশ, র্যাব ও ডিবি পুলিশের সদস্য ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। ডাকাত দল লুকিয়ে থাকতে পারে এমন সন্দেহে রাত ৮টায় ঘটনাস্থলের পাশেই মৃগয়া নামে আবাসিক হোটেলে পুলিশ ও র্যাব তল্লাশি করে। এ সময় উত্তেজিত জনতা মৃগয়া হোটেল ভাংচুরসহ দু’টি মোটরসাইকেল ভাংচুর করে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় ১০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পুরো শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। শহরে জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ-র্যাবের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।