সিসি নিউজ: ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক গতিশীল, বহুমুখী এবং অপরিহার্য। এদেশ দৃঢ় গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান সব মানুষের সমঅধিকার সংরক্ষণ করেছে।
শনিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৩৯তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বসবাস করছে। এদের মধ্যে অনেকে লেখাপড়া করছে। কেউ ব্যবসা করছে। কেউ চাকরি করছে।
তিনি আরো বলেন, বাংলাদেশেও অনেক আমেরিকান বসবাস করছে। তাদের সংখ্যা দিনদিন বাড়ছে। আমাদের দু’দেশের জনগণ আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে তাদের বাংলাদেশি বন্ধু ও অংশীদারদের আমন্ত্রণ জানান মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ২৩৯ বছর আগে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল, সব মানুষ সমান। বছরের পর বছর আমাদের এই আত্মবিশ্বাস আমেরিকান জনগণকে আরও বিচিত্র করে তুলেছে। আমরা মনে করি, সব পুরুষ ও নারী সমান। আমাদের গণতন্ত্র সর্বদাই তাদের স্বীকৃতি দিচ্ছে এবং স্বার্থ সংরক্ষণ করছে।