ঢাকা: নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত করার মধ্য দিয়ে শেখ হাসিনা নিজেকে এবং বাংলাদেশকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন। অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এটি প্রতিরোধ করার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন আয়োজিত ‘চলমান রাজনীতি ও ঘোষিত বাজেট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের জীবনের বহু প্রতীক্ষার পর নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি সারা বিশ্ব থেকে। আশা করছি অল্প সময়ের মধ্যে জাতিসংঘ থেকেও স্বীকৃতি আসবে। অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ।’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সবার মিলিত শ্রমে ধীরে ধীরে লক্ষ্যে অগ্রসর হচ্ছি আমরা। আমরা যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারি সে স্বপ্নটা একজন দেখিয়েছেন। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি মনে করি, ২০১২ সালের মধ্যে আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। তাই এসময়টিতে অবশ্যই দেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গিমুক্ত রাখতে হবে।
আমরা আমাদের ঘোষিত অঙ্গিকার বাস্তবায়নে বদ্ধ পরিকর উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘এ স্বীকৃতির মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি অগ্রসরমান দেশ। এটিকে আমরা অবশ্যই স্বর্ণালী দিন বলবো।’
আমাদের এই অর্জনকে খাটো করে দেখার কোন কারণ নেই মন্তব্য করে সুরঞ্জিত সেন বলেন, ‘আমরা সবাই মিলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবো। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রথম চালিকা শক্তি।’
আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউসুফ আলী জীবন এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বাবু নারায়ন দেবনাথ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী হাবীবুল্লাহ পলাশ প্রমুখ।