আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। সাউথ ক্যারোলাইনার আকাশে একটি ছোট যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ হয় এফ-১৬ মার্কিন যুদ্ধবিমানের।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের শ বিমান ঘাঁটির কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের আগে এফ-১৬ যুদ্ধবিমান থেকে লাফিয়ে পড়েন এর পাইলট। তিনি আঘাত পেয়েছেন এবং তাকে উদ্ধার করে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই আসনবিশিষ্ট সেসনা সি১৫০ বিমানে থাকা দুজন আরোহী এই সংঘর্ষে নিহত হয়েছেন।
মঙ্গলবার সাউথ ক্যারোলাইনার চারলেসটনের ১৭ কিলোমিটার দূরে দুই বিমানের মধ্যে এই সংঘর্ষ হয়।
যুক্তরাষ্ট্রের পরিবহণবিষয়ক জাতীয় নিরাপত্তা সংস্থা সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
শ বিমান ঘাঁটি থেকে সামরিক যুদ্ধবিমান সাউথ ক্যারোলাইনার পূর্বাঞ্চল ও আটলান্টিকে নিয়মিত মহড়া করে থাকে। মঙ্গলবারও এমন একটি মহড়া চলার সময় সংঘর্ষের কবলে পড়ে এফ-১৬ যুদ্ধবিমান। এতে দুটি বিমানই পুড়ে গেছে। আর তাদের ধ্বংসাবশেষ এসে পড়েছে গাড়ি দিয়ে তৈরি ভ্রাম্যমাণ বাড়ি রাখার একটি পার্কিংয়ে।