সিসি ডেস্ক: বর্তমান সময়ে এক আতঙ্কের নাম বিমান ভ্রমণ। সন্ত্রাসী আক্রমণের সত্যিকারের হুমকি কিংবা জুজুর ভয়ে প্রতিনিয়তই বিমানের ফ্লাইট বাতিল বা উড়ন্ত যান মাঝপথে নামিয়ে আনার ঘটনা হরহামেশাই খবরের শিরোনাম হচ্ছে।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ার মস্কোর এক বিমানবন্দরে। সেখানে এক যাত্রীবাহী বিমান একঘণ্টা আটকা পড়ে থাকে রানওয়েতে। কারণ আর কিছুই নয়, মৌমাছির হামলা। হাজার হাজার ‘সন্ত্রাসী’ মৌমাছির আক্রমণের কারণে ঠিক সময়ে সেন্ট পিটসবার্গের উদ্দেশে যাত্রা করতে পারেনি এয়ারবাস-৩১৯ বিমানটি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাশিয়া এয়ারলাইন্সের বিমানটি রানওয়ে ত্যাগ করার আগেই হাজার হাজার মৌমাছি এসে এটাকে ঘিরে ফেলে। অনেকগুলো পাখার উপরে বসে পড়ে এবং কিছু মৌমাছি বিমানটির জানালার কাচ ঢেকে দেয়। পতঙ্গগুলো কেবিনের ভেতরেও ঢুকে পড়েছে, এই ভয়ে পরে দুটি অ্যাম্বুলেন্সও ডেকে আনা হয়। যদিও সে রকম কোনো দুর্ঘটনা ঘটেনি।
সাধারণত মৌমাছির কামড়ে মানুষের মাঝে অ্যালার্জিসহ ‘অ্যানাফেলেটিক শক’ হয়। তাছাড়া বসে থাকা মৌমাছি এক ধরনের ফেরোমোন নিঃসরণ করে, যা কাছাকাছি থাকা অন্য মৌমাছিকে জড়ো হয়ে আক্রমণ করতে উদ্বুদ্ধ করে। পরবর্তীতে এয়ারলাইন্সের কর্মীরা বিমানের কাঠামো থেকে সেসব মৌমাছি দূর করে দেয়। তবে এই কাজটি কীভাবে করা হয়েছে সেটা জানা যায়নি। সাধারণত ধোয়া প্রয়োগ করে মৌমাছি তাড়ানো হয়। বিমানের প্রতি মৌমাছির আক্রোশের ঘটনা এটাই প্রথম নয়। গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মিনিয়াসোটায় এই পতঙ্গের আক্রমণে একটি বিমান গন্তব্যের আগেই অবতরণ করতে বাধ্য হয়। সে সময় পতঙ্গগুলো বিমানটির সামনের কাচ ঢেকে দেয়ার পাশাপাশি ইঞ্জিনেও আটকা পড়ে। তারও আগে গত অক্টোবরে মায়ামি সৈকতে এক ড্রোনকে আক্রমণ করে কিছু রাগান্বিত মৌমাছি। সূত্র : মেইল অনলাইন