সিসি ডেস্ক: অবৈধভাবে বিদেশে লোক পাঠানোর জন্য অনেকে মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গত ২১ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ অভিযোগ করেছিলেন তিনি।
মন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি উত্থাপনের পর কমিটি মানবপাচার বন্ধে সব ধরনের পদক্ষেপ নিতে সুপারিশ করে। একই সঙ্গে এ বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটি সূত্র জানায়, আজ রোববার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা থাকলেও মন্ত্রীর অনুপস্থিতির কারণে বিস্তারিত আলোচনা হয়নি। তবে মানবপাচার বন্ধে মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণা চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। যেসব এলাকা থেকে বেশি কর্মী বিদেশে যায় সেসব জেলা-উপজেলায় বিল বোর্ড স্থাপন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বৈধভাবে বিদেশে যাওয়ার বিষয়টি জনগনকেণ অবহিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া অভিবাসন প্রক্রিয়া তদারকির জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স কাজ করছে।
এদিকে আগের বৈঠকের কার্যবিবরণী থেকে জানা যায়, অবৈধ মানবপাচার নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার ও মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে আলোচনাকালে মন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে অবৈধভাবে মানবপাচারের সংবাদে অত্র মন্ত্রণালয় চ্যালেঞ্জের সন্মুখীন হচ্ছে। অবৈধভাবে লোক পাঠানোর জন্য অনেকে মন্ত্রণালয়ে চাপও সৃষ্টি করছে। বর্তমান সরকারের আমলে যেখানে বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানোর ব্যবস্থা হচ্ছে, সেখানে মন্ত্রণালয় নমনীয় ভূমিকা পালন করতে পারে না।’
বৈঠকে আলোচনাকালে কমিটির সদস্যরা মন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে নৌপথে মানবপাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছিলেন। এজন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছিল।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বহির্বিশ্বে জনশক্তি পাঠাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং বহির্বিশে জনশক্তি আরো বেশি হারে পাঠানোর বিষয়ে মন্ত্রণায়লয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। একইসঙ্গে অবৈধভাবে মানবপাচার বন্ধ এবং বিদেশগামী কোনো কর্মী যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রয়োজনীয ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংককে সরকারি তফসিলীভূক্ত ব্যাংক করার জন্য কমিটির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠারনো পরামর্শ দেয়া হয়।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী ও মো. আয়েন উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।