আন্তর্জাতিক ডেস্ক: মাওবাদীদের হাতে অপহৃত চার পুলিশ কর্মকর্তার মৃতদেহ বুধবার সকালে ছত্রিশগড়ের বিজাপুর জেলা থেকে উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে ওই একই জেলা থেকে তাদের অপহরণ করা হয়েছিল। অপহরণের পর সন্ত্রাসীরা ওই চার পুলিশকে আদামপালি গ্রামের দিকে নিয়ে যায় বলে জানা গিয়েছিল।
সোমবার সন্ধ্যায় বিজাপুর জেলার বাসতার এলাকার সাকানপাল্লি-কুতারু সড়কে একটি যাত্রীবাহী বাস থেকে দুই পুলিশ কর্মকর্তাকে তুলে নিয়ে যায় মাওবাদী বিদ্রোহীরা। এই ঘটনার মাত্র কয়েক মিনিট পর ওই একই এলাকা থেকে এক মোটর সাইকেল থেকে আরো দুই পুলিশকে অপহরণ করে বিদ্রোহীরা। এরপর থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল ছত্রিশগড় পুলিশ।
বিজাপুর পুলিশ সুপারিনটেনডেন্ট কেএল দুর্বা জানিয়েছেন,‘উর্ধ্বতনদের না জানিয়েই বিজাপুর বেড়াতে গিয়েছিল ওই চার জওয়ান। আমরা অতিরিক্ত নিরাপত্তা এবং সতর্কতা ব্যাতীত কোনো জওয়ানকে বিদ্রোহী প্রভাবিত ওই অঞ্চলে যাওয়ার অনুমতি দেই না।’
এর আগে ২০১৪ সালে লোকসভা নিরাবাচনের সময় সশস্ত্র বিদ্রোহীরা ছত্রিশগড়ে এক রাজনৈতিক দলের ওপর হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছিল।