রাজশাহী: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন রাজশাহী জেলা জাতীয় পার্টির একাংশের নেতারা। দলটির জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিক শাহাবুদ্দিন বাচ্চুর অনুসারী এসব নেতা নিজেদের তৃণমূল নেতা দাবি করে মঙ্গলবার বিকেলে ওই ঘোষণা দেন। দলটির ইফতার ও আলোচনা উপলক্ষে শাহাবুদ্দিন বাচ্চুর বাড়িতে জমায়েত হয়েছিলেন তারা।তাদের অভিযোগ, দলের মহাসচিবের স্বজনপ্রীতি, ব্যক্তিস্বার্থ, বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে জাতীয় পার্টিকে ধ্বংসের পাঁয়তারা করছে। এরই অংশ হিসেবে দলের ত্যাগী নেতাদের একে একে দল থেকে সরিয়ে দিচ্ছেন তিনি। তাদের দাবি, দল বাঁচাতে মহাসচিবের বিরুদ্ধে অবস্থান নেয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। তৃণমুল নেতাদের ভাষ্য, শাহাবুদ্দিন বাচ্চুর নেতৃত্বে রাজশাহী জেলায় জাতীয় পার্টির অবস্থান চাঙা হয়ে উঠেছে। কিন্তু মহাসচিবের সঙ্গে যোগসাজসে কয়েকজন নেতা তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছেন। এর ফলে দলের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এসময় তারা শাহাবুদ্দিন বাচ্চুকে আবারো নেতৃত্বে নিয়ে আসার আহবান জানান।জাতীয় পার্টির নেতা নুরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মাইনুল ইসলাম, অধ্যাপক আমিনুল হক, বদিউজ্জামান বদি, ফরমান আলি, অধ্যক্ষ আনিসুর রহমান, মাসুদুজ্জামান প্রমুখ।