সিসি নিউজ: হবিগঞ্জের বিএনপি সমর্থিত মেয়র জি কে গউসের উপর কারাগারে হামলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘কারাগারেও মানুষ এখন আর নিরাপত্তায় নেই।’
এ ঘটনাকে ন্যাক্কারজনক ও কলঙ্কিত ঘটনা উল্লেখ করে সেটিকে খাটো করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, ‘হবিগঞ্জের মেয়রের উপর হামলার পর সারাদেশের কারাগারে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক ও ভীতির সৃষ্টি হয়েছে।’ কারাগারে অবস্থানরত বিএনপির সব নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাজিবকে যে অভিযোগে আটক করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। রাজিবকে গ্রেপ্তারের মাধ্যমে দেশে বিরাজনীতিকরণের চিত্র ফুটে উঠেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।