ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালত এ আদেশ দেন।
এরআগে পুলিশ রাজিবের বিরুদ্ধে ইয়াবা ও মদের বোতল রাখার অভিযোগে মামলায় দায়ের করে আদালতে পাঠালে সোমবার আদালত তাকে কারাগারে পাঠান।
রবিবার রাত পৌনে ১২টার দিকে চার সহযোগীসহ ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করা হয়। জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে পটুয়াখালীর লেবুখালি ফেরিঘাট থেকে ধরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাইক্রোবাসে চড়ে ঢাকায় ফেরার পথে দুমকির লেবুখালী ফেরিঘাটে রাজিবের গাড়ি তল্লাসি করে এক বোতল মদ ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এ কারণে মাদক আইনে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার জানান, ঢাকায় ঈদ করে রবিবার সকালে বরিশালের মেহেদীগঞ্জে গ্রামের বাড়িতে যান রাজিব। বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে ও বাবার কবর জিয়ারত করে পটুয়াখালীতে এক আত্মীয়ে বাড়িতে যান তিনি। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করে পুলিশ।